নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ১ 

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস উল্টে কবির মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন। 

প্রত্যক্ষদর্শী ও বরযাত্রী সূত্রে জানা যায়, জেলার আটপাড়া উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে দুটি বাস ও একটি মাইক্রো যোগে বরযাত্রী নিয়ে সদর উপজেলার চুচুয়া গ্রামে যাচ্ছিলেন বর মোক্তাল হোসেন।  

বরযাত্রী নিয়ে যাওয়া দ্বিতীয় বাসটি কনের বাড়ির কাছাকাছি আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। দু তিনটি ডিগবাজী দিয়ে খাদে পড়লে বাসের নীচে চাপা পড়েন দুজন। স্থানীয়রাসহ অন্য যাত্রীরা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে নিয়ে গেলে কবির মিয়া নামে বরের মামাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এছাড়াও বরের তালই মিলন মুন্সিকে (৭০) ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে খালি সড়কে কেন উল্টে গেল বাস এটি তদন্ত করে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করার দাবী আহতদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত