দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। একদিনেই বন্দর দিয়ে ৫টি ট্রাকে ৪৮টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে পণ্যটির সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ১৬০টাকা করে। দাম কমায় খুশি বন্দরে কিনতে আসা পাইকাররা। তবে বিপাকে পড়েছেন বন্দরের আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে গতকাল শনিবার বেলা ৩টা পর্যন্ত ৫টি ট্রাকে ৪৮টন কাঁচা মরিচ আমদানি হয়। গত বৃহস্পতিবার প্রথম দিনে বন্দর দিয়ে ২টি ট্রাকে ১০টন ৫২০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছিল। সেদিন বন্দরে আমদানিকৃত কোনো কাঁচা মরিচ বিক্রি না হলেও ঢাকায় সেসব কাঁচা মরিচ বিক্রি করেছিলেন ২৮০ টাকা কেজি দরে। তবে গতকাল কাঁচা মরিচ আমদানির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার আব্দুস সালাম বলেন, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী। সে কারণে স্থানীয় বাজারে ক্রেতাদের চাহিদা মেটাতে আমদানিকৃত কাঁচা মরিচ কিনতে এসেছি। দাম কমার কারণে আমাদের কিনতে সুবিধা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন মোকামে পাঠাতেও সুবিধা হচ্ছে। তারাও কম দামে খেতে পারছেন।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়। এতে করে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। দাম বাড়তে বাড়তে এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যে, নি¤œ আয়ের মানুষের ক্রয়সীমার বাইরে চলে যায়। এমন অবস্থায় সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি ইমপোর্ট পারমিট (আইপি) প্রদান করে। এরপর এলসি খুলে দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধের গত বৃহস্পতিবার থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেন আমদানিকারকরা।’
তিনি আরও বলেন, বৃহস্পতিবার প্রথমদিন হওয়ায় অনেকে সেদিন এলসি খুলতে না পারায় আমদানির পরিমাণ কম ছিল। পরে অন্য আমদানিকারকরা এলসি খুলেছেন। সেসব এলসির বিপরীতে শনিবার (গতকাল) তাদের কাঁচা মরিচ দেশে প্রবেশ করতে শুরু করেছে। এতে করে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির বাড়তে শুরু করেছে। শুধু হিলি স্থলবন্দর দিয়ে নয়, সব বন্দর দিয়েই আমদানির পরিমাণ বাড়ছে। কাঁচা মরিচের আমদানি বাড়ার ফলে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। কিন্তু যে দামে আমদানি করা হচ্ছে আর দেশে যে দাম তাতে করে বর্তমানে আমাদের লোকসান গুনতে হচ্ছে। দামের এমন ধারা অব্যাহত থাকলে আমদানি নাও হতে পারে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বলেন, ৮মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার দুই ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশের মধ্য দিয়ে এর আমদানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় আজ আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে এখন পর্যন্ত ৫ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। কাঁচা মরিচ একটি পচনশীল পণ্য সে কারণে আমদানিকৃত কাঁচা মরিচ যাতে আমদানিকারকরা দ্রুত খালাস করে নিয়ে বাজারজাত করতে পারেন সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে আমদানিকৃত কাঁচা মরিচের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করে রাজস্ব আদায় সাপেক্ষে আউটপাস দেওয়া হচ্ছে।
