যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে হাজারের বেশি কর্মী ছাঁটাই

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস কর্মী এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা রয়েছেন। সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সরকারি দপ্তর পুনর্গঠন ও ব্যয় সংকোচনের পরিকল্পনার অংশ হিসেবে এই ছাঁটাই করা হয়েছে। চলতি বছরের শুরুতে এই পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ১ হাজার ৫০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। সমালোচকরা মনে করছেন, এই ব্যাপক ছাঁটাই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম এবং মানবিক সহায়তা কর্মসূচির ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘ব্যুরো অব পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন’-এর অধীন ‘অফিস অব অ্যাডমিশন’, যারা যুক্তরাষ্ট্রে শরণার্থী পুনর্বাসনের কাজ করে।

এ ছাড়া, আফগান নাগরিকদের পুনর্বাসনের জন্য গঠিত ‘কো-অর্ডিনেটর ফর আফগান রিলোকেশন এফোর্টস’ বিভাগের অনেক কর্মীও ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। ছাঁটাইয়ের পর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পররাষ্ট্র দপ্তরের লবিতে কর্মীরা বিদায়ী সহকর্মীদের আলিঙ্গন করছেন, কেউ কেউ চোখের পানি মুছছেন, অনেকে জিনিসপত্র নিয়ে দপ্তর ত্যাগ করছেন।

এদিকে, দপ্তরের বাইরে বিক্ষোভকারীরা ‘থ্যাংক ইউ টু আমেরিকা’স ডিপ্লোম্যাটস’ এবং ‘উই অল ডিজার্ভ বেটার’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় বলেন, ‘এটি কর্মী ছাঁটাই নয়, বরং অপ্রয়োজনীয় পদ বিলুপ্তির বিষয়। কোনো দপ্তর বন্ধ হলে তার পদগুলোর প্রয়োজনীয়তা থাকে না।’

তবে ডেমোক্র্যাটরা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘শত শত সিভিল ও ফরেন সার্ভিস কর্মীকে ছাঁটাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনিক ব্যয় হ্রাসের ঘোষণা দেন। এরপর বিভিন্ন দপ্তর থেকে বহু কর্মী ছাঁটাই করা হয়। যদিও একটি অধস্তন আদালতের রায়ে গণছাঁটাই প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ ছিল, গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্প প্রশাসন এগিয়ে যাওয়ার অনুমতি পায়।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা সর্বাগ্রে’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে এই ছাঁটাই দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত