শাহবাগে তৈরি হবে ‘জুলাই মনুমেন্ট’

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৮:১৫ এএম

রাজধানীর শাহবাগ মোড়ে নির্মিত বিজ্ঞাপনী সংস্থার ইলেকট্রিক বিলবোর্ডের স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার রাত থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) স্থাপনাটি ভাঙার কাজ শুরু করা হয়। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের বিজ্ঞাপনী সংস্থা এটি নির্মাণ করেছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে জুলাই মনুমেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, সরকার দেশের ৬৪টি জেলায় যে ‘জুলাই মনুমেন্ট’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, এর মধ্যে ঢাকারটি শাহবাগে নির্মিত হবে। গতকাল রবিবার সরেজমিনে দেখা গেছে, স্থাপনাটির একপাশ থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। করপোরেশনের অঞ্চল ১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, ‘স্থাপনাটির অফিসিয়াল কোনো নাম ছিল না। এখানে ত্রিকোণাকৃতির বিজ্ঞাপনী সংস্থার ইলেকট্রিক বিলবোর্ড ছিল। দীর্ঘদিন সেটি পরিত্যক্ত থাকায় করপোরেশন সেটি ভেঙে ফেলছে।’

ডিএসসিসির উপরাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী বলেন, ‘করপোরেশনের অনেক জায়গায় বিজ্ঞাপনী সংস্থা অনুমতি নিয়ে বিলবোর্ডে স্থাপনা নির্মাণ করেছিল। ২০০৮ সালে সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শাহবাগের বিলবোর্ডটি নির্মাণ করে। মাঝখানে তারা একবার সংস্কারও করেছিল সেটি। তবে সাবেক মেয়র সাঈদ খোকনের সময় ডিএসসিসি এলাকার সব বিলবোর্ড উচ্ছেদের সময় সেটিও উচ্ছেদ করা হয়। তখন থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় আছে।’

জানা গেছে, ২০০৮ সালে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শাওন তার বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে এই ইলেকট্রিক বিলবোর্ডটি নির্মাণ করেন। এখান থেকে নিয়মিত সিটি করপোরেশনকে রাজস্ব দেওয়া হতো। তবে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন করপোরেশন এলাকা থেকে সব বিলবোর্ড উচ্ছেদের সময় এটিও উচ্ছেদ করেন। সে সময় নুরুন্নবী চৌধুরী শাওন তার বিলবোর্ডের ক্ষতিপূরণ দাবিতে আদালতে একটি মামলা করেন। সেটি এখনও চলমান আছে। তখন থেকেই বিলবোর্ডটি পরিত্যক্ত অবস্থায় আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত