ড. আসিফ নজরুল

জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। সোমবার বিকেলে শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন তারা। 

অনুষ্ঠান শুরুর প্রথমে শহীদ পরিবার ও আহতদের সাথে উপদেষ্টারা কুশল বিনিময় করেন। পরে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

অনুষ্ঠানে শহীদ আদিলের (১৫) মা তার ছেলের শহীদ হওয়ার স্মৃতিচারণ করেন। ছেলের কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি তার ছেলে সহ সকল শহীদদের বিচার চেয়ে তাদের কবর সংরক্ষণের দাবি জানান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ আন্দোলনে শহীদদের যে বীভৎস ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আমরা কথা দিচ্ছি আমাদের সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন হবে। জেলা পর্যায়েও যেসব মামলা হয়েছে সেগুলোরও দ্রুত বিচার সম্পন্ন হবে। জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করেছিল তাদের স্থানীয়ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। প্রশাসনকে অনুরোধ করবে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। লুটেরা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটা সুনির্দিষ্ট লক্ষ্য রেখে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত বৈষম্যবিরোধী দেশ পেয়েছি। শহীদদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের সম্মানে নারায়ণগঞ্জ থেকেই প্রথম  শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। তারা বন্ধুকের মুখে যদি নির্ভীক দাঁড়িয়ে না থাকত তাহলে স্বাধীনতা আসতো না। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরে দীর্ঘ সংগ্রামে অনেকে নিপীড়িত হয়েছি। ২৪-এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত