খুলনায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৫ এএম

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৮-১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের পর থেকে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক ট্রেনলাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার পর গেটম্যান ওহেদুল পলাতক রয়েছেন।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেলক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হয়। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লোকমুখে শুনেছেন আহত ওই ব্যক্তি মারা গেছেন।

রেলওয়ে পুলিশের সুপার রবিউল হাসান বলেন, ট্রাক ও ট্রেনের সংষর্ষে একজন নিহত ও ৮-১০ জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) ডা. আশরাফ হোসেন বলেন, রাত ১০টা পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আনুমানিক ৬০/৬৫ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ জরুরি বিভাগে রয়েছে। তার কাছে থাকা মোবাইলে ফোন এলে তার স্বজনরা হাসপাতালে আসার কথা জানিয়েছেন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিল গেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত