‘জীবন দিয়ে কী হলো’ প্রশ্ন আবু সাঈদের মায়ের

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:৩১ এএম

একমাত্র বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলেকে হারিয়ে বাক হারিয়ে ফেলেছিলেন মা। দেশের কথা চিন্তা করে নিজেকে সামলিয়ে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ছেলের জীবনের বিনিময়ে যদি দেশে শান্তি ফিরিয়ে আসে। কিন্তু হয়নি। আবু সাঈদের মৃত্যুতে তেমন কোনো পরিবর্তন আসেনি দেশে। আক্ষেপের সুরে এমনটিই বলছিলেন আবু সাঈদের মা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুর এক বছর পূর্তি কাল।

আলাপকালে আবু সাঈদের মা মনোয়ারা বেগম প্রশ্ন করে বলেন, ‘আবু সাঈদ জীবন দেওয়ার পরেও আগের মতো সবই আছে। এখনো বৈষম্য শেষ করে নাই। ওই রকমই চলছে। আবু সাঈদ যেটার জন্য জীবন দিয়েছে তা এখনো চলছে। কোনো উন্নয়ন হয় নাই। আবু সাঈদের জীবন দিয়ে কী হলো? না দেওয়াই তো ভালো আছিলো। ছ্যোলটা হামার থাকাই ভালো আছিলো। দেশ তো গঠনই হলো না। আগে যে রকম ছিল ঠিক সে রকমই আছে। দেশের কী পরিবর্তন হয়েছে?’

মনে আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আবু সাঈদ জীবন দিয়েছে দেশের মানুষের শান্তির জন্য, ভালোভাবে বাঁচি থাকার জন্য। আমার আবু সাঈদের নামে একটা মক্তবখানাও হয় নাই। আশপাশের মহিলাদের কোরআন পড়ার জন্য একটা মক্তব করলে তাও এ্যানা ছ্যোলের জন্য দোয়া হলো হয়। আবু সাঈদ নিজের জন্য কিছুই করে নাই। দেশের জন্য জীবন দিয়েছে। আবু সাঈকে হারানোর এক বছর হয়ে গেলও এখনো কেউ পরিবর্তন হয় নাই।’ তিনি বলেন, ‘আবু সাঈদ নিজের জীবন দিয়েছে সবার কথা চিন্তা করে। আবু সাঈদের মতো কেউ তো বুক পাতি দেয় নাই। আমার বাবা যে সাহস দেখিয়েছে তা কেউ দেখাতে পারে নাই।’

গত বছরের ১৬ জুলাই  বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ রংপুরের পার্কের মোড়ে পুলিশের গুলিতে নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত