বাজারে আসছে ল্যাবে তৈরি পনির

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:৩৪ এএম

লন্ডনের স্ট্র্যাটফোর্ড এলাকার একটি সাধারণ ভবনের ভেতরে ব্রিটিশ স্টার্টআপ ‘বেটার ডেইরি’ এমন এক ধরনের পনির তৈরি করছে, যার উৎপাদনে গরুর কোনো দুধ লাগে না। প্রতিষ্ঠানের দাবি, এই পনির স্বাদে দুধের তৈরি পনিরের কাছাকাছি। বিশ্ব জুড়ে কয়েকটি কোম্পানি এমন ল্যাব-তৈরি পনির বাজারে আনতে কাজ করছে। তবে ব্রিটেনে সাম্প্রতিক সময়ে নিরামিষভিত্তিক খাদ্যের চাহিদা কিছুটা কমেছে বলে জানিয়েছে অ্যাগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড। তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যে উদ্ভিজ্জ উপাদানে তৈরি পনিরের বিক্রি কমেছে প্রায় ২৫.৬ শতাংশ, অথচ গরুর দুধের তৈরি পনিরের বিক্রি বেড়েছে ৩ শতাংশ।

এর একটি কারণ হতে পারে, ব্রিটেনে নিরামিষভোজী মানুষের সংখ্যা এখনো খুবই কম সরকারি হিসাব অনুযায়ী মাত্র ১ শতাংশ, যদিও ভেগান সোসাইটি বলছে, এটি ৩ শতাংশ। ভেগান সোসাইটি অবশ্য বলছে, মাংস ও দুগ্ধজাত খাবারবিহীন বাজার এখনো প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল। এদিকে স্বাস্থ্য ও দামের বিষয়টিও গ্রাহকদের মনে প্রভাব ফেলছে। এক জরিপে দেখা গেছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার নিয়ে দুশ্চিন্তা এখন দ্বিতীয় সর্বোচ্চ (প্রথমটি হচ্ছে মূল্য)। আর উদ্ভিজ্জ পনির সাধারণত গরুর দুধের পনিরের চেয়ে বেশি দামে বিক্রি হয়।

তাহলে কি এই ল্যাব-তৈরি পনির সফল হবে? কেউ কেউ মনে করছেন, সামনে সুযোগ রয়েছে। নেদারল্যান্ডসের ‘দোজ ভেগান কাউবয়েজ’ নামের একটি প্রতিষ্ঠান আশা করছে, চলতি বছরই যুক্তরাষ্ট্রে তাদের পনির পৌঁছাবে। তবে ইউরোপে আসতে সময় লাগবে আরও কয়েক বছর, কারণ ইউরোপে ল্যাব-তৈরি পনির নতুন খাবার হিসেবে বিবেচিত হয় এবং বিক্রির আগে অনুমোদন প্রয়োজন। প্রতিষ্ঠানটির সিইও হিলে ফান ডার কা বলেন, আপাতত চাহিদা কম হলেও তারা চাইছেন ধীরে ধীরে এমন পনির বাজারে আনতে, যেগুলো মানুষ সাধারণত আলাদাভাবে খেয়াল করে না। তিনি আরও বলেন, যখন আপনি ফ্রোজেন পিজ্জা কিনছেন, তখন ভাবেন না সেখানে কী ধরনের পনির আছে। সেখানেই আমরা পরিবর্তন আনতে চাই।

ফ্রান্সের কোম্পানি ‘স্ট্যান্ডিং ওভেশন’ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে, আর ২০২৭ সালে ইউকে ও ইউরোপে বাজারে আসার পরিকল্পনা করছে। অন্যদিকে স্ট্র্যাটফোর্ডের ‘বেটার ডেইরি’ এখনো বাজারে তাদের পনির আনেনি, কারণ এই মুহূর্তে এর উৎপাদন খরচ অনেক বেশি। তবে কোম্পানির প্রধান নির্বাহী জেভান নাগারাজাহ আশা করছেন, আগামী তিন-চার বছরের মধ্যে দাম কমিয়ে এটি প্রথমে কারিগরি পনির বিক্রেতাদের কাছে, পরে সাধারণ বাজারেও আনা যাবে। বেটার ডেইরি আপাতত শুধু চেডার পনির তৈরি করছে। কারণ তাদের মতে, ভেগান পনিরের মান সাধারণত দুধের পনির থেকে অনেকটাই পিছিয়ে। তারা নরম পনির, ব্লু চিজ, মোৎজারেলাও তৈরি করেছে, তবে চেডারে ফারাক সবচেয়ে স্পষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত