প্রথম প্রেমের স্পর্শ: প্রেম, অপেক্ষা ও আত্মত্যাগের এক অনবদ্য সৃষ্টি

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

বাংলা সাহিত্যে প্রেমনির্ভর উপন্যাসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে এমন কিছু গল্প আছে, যেগুলো শুধু প্রেমের গল্প নয়—তা হয়ে ওঠে আত্মার আলেখ্য, স্মৃতির ফসিল আর এক অন্তর্দহনময় অপেক্ষার কাব্য। ব‍্যাংকার, উন্নয়ন গবেষক ও কবি এম এম মাহবুব হাসান রচিত “প্রথম প্রেমের স্পর্শ” তেমনই এক ব্যতিক্রমধর্মী রচনা, যা পাঠকের অনুভবকে এক অনাবিষ্কৃত ভূগোলে নিয়ে যায়।

২০২৫ সালের জুন মাস থেকে ঢাকাটাইমস-এর ডিজিটাল সংস্করণে ধারাবাহিকভাবে প্রকাশিত এই উপন্যাসটি ইতোমধ্যেই পাঠক-মনে এক দীর্ঘস্থায়ী অভিঘাত তৈরি করেছে।

একজন পাঠক হিসেবে উপন্যাসটির সৃষ্টিশীল দিকগুলোর ওপর কিছুটা আলোকপাত

উপন্যাসের কেন্দ্রে রয়েছে তমাল ও নীলা—যারা একে অপরের পরিপূরক, আবার সামাজিক কাঠামোর বিপরীতে দাঁড়িয়ে পথচলা শুরু করে।

প্রথম পর্বে দেখা যায় “নীল জোনাকির আলো”-তে কিশোর তমাল কীভাবে নীলার উপস্থিতিতে এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করে। গ্রাম্য প্রকৃতি, নৈঃশব্দ্যের সৌন্দর্য, আর বৃষ্টিভেজা বিকেলের আবহ—সব মিলিয়ে এক ধীর, কাব্যিক সূচনা।

দ্বিতীয় পর্বে লেখক এক সূক্ষ্ম প্রেমাবেগের চিত্র এঁকেছেন—যেখানে নান্দনিকতায় ফুটে উঠেছে অদৃশ্য ভালোবাসার রেখা। প্রেম এখানে উচ্চারিত হয় না, বরং নিজেই নিজেকে অনুভব করায়।

তৃতীয় পর্বে সেই প্রেম প্রথমবারের মতো সামাজিক ও বাস্তবতার মুখোমুখি হয়। সম্পর্ক কেবল হৃদয়ের বিষয় নয় বরং পারিবারিক দায় ও ভবিষ্যতের দ্বিধার মিশেল তা বুঝতে পারে তমাল।

চতুর্থ পর্বে তমালের জীবনে গভীর শূন্যতা ভর করে তমালের জীবনে যেখানে প্রেম ও শোকের নির্জন আলিঙ্গন লেখক ফুটিয়ে তুলেছেন।

পঞ্চম পর্বে হঠাৎ নীলার মুখোমুখি তমাল। বহুদিন পর সে আবিষ্কার করে এক বিভ্রান্তির।

ষষ্ঠ পর্বে নীলার লেখা চিঠি পড়ে পাঠকের মনে দাগ কেটে যাবে নিস্তব্ধ অনুভূতি।

সপ্তম পর্বে পুরুষের জীবন সংগ্রামের মূর্ত প্রতীক হয়ে ধরা দেয় তমাল।

অষ্টম পর্বে পাঠকের জন্য অপেক্ষা করে আছে নতুন ধাঁধা। আর নবম পর্বে তমাল পাড়ি জমায় একটি নির্জন স্থানে—স্মৃতি, স্বপ্ন ও সমাজ থেকে বিযুক্ত হয়ে। এই পর্বে আত্মজিজ্ঞাসা ও নিঃসঙ্গতা একাকার হয়ে যায়।

দশ পর্বে তমাল ফিরে আসে পুরনো ঘরে—যেখানে নীলা ছিল, অথচ এখন নেই। তবে একাদশ পর্বে তমাল-নীলার প্রেমের নতুন টুইস্ট জানতে পারবেন পাঠক। কেন তাদের এই বিভাজন।

দ্বাদশ পর্বে তমাল আবার ফিরে আসে পুরনো শহরে। তবে সে টের পায় অমোঘ বঞ্চনা। ত্রয়োদশ পর্বে তমালের জীবন সাহসী মোড় নেয়। শেষ পর্বে উপন্যাস একটি পূর্ণবৃত্তে উপনীত হয়। আলো হয়ে ওঠে তমাল ও নীলার প্রেমের উত্তরাধিকার।

ভাষা ও নির্মাণশৈলীর শক্তি

লেখক এম এম মাহবুব হাসানের ভাষা সহজ অথচ শিল্পসম্মত। উপন্যাসে ব্যবহৃত রূপক, প্রতীক, বর্ণনার ছন্দ এবং সংলাপ—সবই পাঠককে এক ধ্যানমগ্ন অভিজ্ঞতায় পৌঁছে দেয়। তাঁর পেশাগত পরিচয়—ব্যাংকার, উন্নয়ন গবেষক ও কবি—এই তিনের সম্মিলিত অন্তর্দৃষ্টি উপন্যাসটিকে দিয়েছে এক ব্যতিক্রমধর্মী ব্যাকরণ। তিনি প্রেমের গল্পে ধর্ম, সমাজ, অভিবাসন ও নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গকে যুক্ত করেছেন শিল্পিতভাবে।

পাঠক প্রতিক্রিয়া ও লেখকের বার্তা:

উপন্যাসটি প্রকাশের পর থেকেই পাঠকদের মুগ্ধতা অর্জন করেছে। বিভিন্ন মাধ্যমে অনেকেই বলেছেন—“এটা আমার জীবনের প্রতিচ্ছবি,” কেউ কেউ বলেছেন—“এমন নিঃশব্দ প্রেম আগে কখনো অনুভব করিনি।”

সংক্ষিপ্ত তথ্য:

উপন্যাসের নাম: প্রথম প্রেমের স্পর্শ

লেখক: এম এম মাহবুব হাসান

ধরন: ধারাবাহিক প্রেমোপন্যাস

প্রকাশনা: ঢাকাটাইমস (ডিজিটাল ভার্সন)

প্রকাশকাল: জুন–জুলাই ২০২৫

মোট পর্ব: ১৪ + ১ (পাঠকের পর্ব)

 

পর্যালোচনায়: নাজনীন আক্তার বানু,

সিনিয়র নিউজ ব্রডকাস্টার, এনটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত