১৮ ইঞ্চি কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৩০ এএম

নরসিংদীতে লিমা আক্তার (২৮) নামে এক প্রসূতির অস্ত্রোপচারের পর পেটের ভেতর ১৮ ইঞ্চি দৈর্ঘ্যরে ‘মব’ কাপড় রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর ভাই জহিরুল ইসলাম সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গত ১৭ জুন নরসিংদী সিটি হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন প্রসূতি লিমা আক্তার। ওইদিন বিকেলে তার অস্ত্রোপচার করেন ডা. শিউলি আক্তার। এ সময় পুত্র সন্তানের জন্ম দেন লিমা। অস্ত্রোপচারের পর পেটের ভেতর ১৮ ইঞ্চি দৈর্ঘ্যরে ‘মব’ কাপড় রেখেই সেলাই করে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিমা। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। লিমা আক্তার নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মির্জাকান্দি এলাকার রহিম মিয়ার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর গত ২১ জুন দুপুরে লিমা আক্তারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফেরার পর তিনি পেটে তীব্র ব্যথা অনুভব করেন। এ বিষয়টি নিয়ে নরসিংদী সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রতন মিয়ার সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগী নারীর ভাই জহিরুল ইসলাম। এ অবস্থায় গত ২৫ জুন ওই ভুক্তভোগী নারীকে পুনরায় নরসিংদী সিটি হাসপাতালে নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা করা হলে কিছুই ধরা পড়েনি। পরে তাকে নরসিংদীর আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে বলেন এবং তার পেটে কিছু একটা রয়েছে বলে ধারণা দেন। সে অনুযায়ী স্বজনরা রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং নানা পরীক্ষা-নিরীক্ষা করেন। সেখানে পর্যাপ্ত সেবা না পেয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসকরা নানা পরীক্ষা শেষে নিশ্চিত হন তার পেটে ‘মব’ কাপড়ের টুকরো রয়েছে। গত ৩ জুলাই চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন দ্বিতীয় দফায় অস্ত্রোপাচার করে ওই নারীর পেট থেকে ১৮ ইঞ্চি দৈর্র্ঘ্যরে একটি ‘মব’ কাপড়ের টুকরো বের করেন।

ভুক্তভোগী নারীর বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘অস্ত্রোপচার করে এখন আমার বোন মৃত্যুর পথযাত্রী। শিশুটিও মায়ের সেবা এবং বুকের দুধ থেকে বঞ্চিত। এ অবস্থায় মানসিক ও আর্থিকভাবে পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে।’

এ বিষয়ে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত