বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের শিকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিএনপি, জামায়াত ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে বিদায় করেছে। সম্প্রতি সেই বিএনপি-জামায়াত ও ছাত্রদের দল এনসিপির মধ্যে দুরুত্ব সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে শহরের কানাইখালিতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এতে আওয়ামী বিরোধী দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা নষ্ট হচ্ছে। যে বন্ধন ছিল তাতে ফাটল ধরছে। তাই বিভেদ ভুলে গিয়ে সকলকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঐক্যে ফাটলের সুযোগ নিয়েই গোপালগঞ্জে এনসিপির অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলার সাহস দেখিয়েছে। তিনি অবিলম্বে হামলাকারী সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন।
