সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা ইসরায়েলের

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ এএম

দ্রুজ সম্প্রদায়ের ওপর সিরীয় বাহিনীর হামলা বন্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণের পর দামেস্কে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কেন্দ্রস্থলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর সরাসরি আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। এ ছাড়াও সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। রয়টার্স জানায়, বিকেল নাগাদ ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের আকাশে চক্কর দেয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একাধিক হামলা করে। এ সময় দামেস্কবাসীদের ঘরে থাকতে নির্দেশ দেয় মন্ত্রণালয়। পরে ইসরায়েলি সেনাবাহিনীও সিরীয় সরকারের সামরিক সদর দপ্তরে হামলার কথা নিশ্চিত করে।

গত কয়েক দিনে দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে সরকারি বাহিনী, বেদুইন যোদ্ধা ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ১৬৯ জন নিহত হয়েছেন। তবে নিরাপত্তা সূত্র বলছে, মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের বহু মানুষ বুধবার সীমান্ত বেড়া ভেঙে সিরিয়ার অংশে প্রবেশ করেন এবং সেখানে তাদের স্বজনদের সঙ্গে মিলিত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ওই বেসামরিকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সিরিয়ায় ক্ষমতায় আসা নতুন ইসলামপন্থি প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করে ইসরায়েল বলেছে, দক্ষিণ সীমান্ত থেকে সরকারি বাহিনীকে প্রত্যাহার করতে হবে। ইসরায়েল বলেছে, তারা দ্রুজদের সুরক্ষায় প্রয়োজন হলে আরও সামরিক পদক্ষেপ নেবে। ইসরায়েল ইতিমধ্যে সিরিয়া সীমান্তবর্তী গোলান মালভূমির কাছাকাছি অংশে সেনা মোতায়েন করেছে। গত সোমবার সুইদা অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারি সেনা পাঠানো হয়। কিন্তু তারা দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিরীয় সরকার দাবি করছে, অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোই এই সহিংসতার জন্য দায়ী। একই দিন যুক্তরাষ্ট্রের সিরিয়াবিষয়ক দূত টম ব্যারাক বলেছেন, শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি সিরিয়ার বর্তমান সরকারকে স্বাগত জানালেও দক্ষিণাঞ্চলের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সিরিয়ার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সুইদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দায়ীদের বিচারের আওতায় আনব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত