জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছেলে নাহিদ শেখ (২৬)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার দুপক্ষ সালিশ বৈঠকে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ ধান রোপণের জন্য ওই জমি প্রস্তুত করতে যান। জমিতে কাজ করার সময় কাওছার শেখ ওরফে মান্দার শেখ, তার ছেলে কবির শেখসহ তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর শেখ ও নাহিদ শেখের ওপর হামলা চালায়। তারা জাহাঙ্গীর ও নাহিদ শেখকে কুপিয়ে-পিটিয়ে জখম করে। জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই নিহত হন। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাহিদ মারা যান।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
