মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাছ ধরার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার মধ্যরাতে শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় লালারচক বিওপিসংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য হারুন মিয়া জানান, আটককৃতরা হলেন শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) এবং তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)। বৃহস্পতিবার মধ্যরাতে এই তিন যুবক বাংলাদেশ সীমান্তের হরিপুর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি বিএসএফ দল হঠাৎ সীমান্ত অতিক্রম করে তাদের চোরাকারবারির সন্দেহে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অনেকে বিষয়টি বুঝতে পারেননি। আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘আমার ভাই এবং অন্য দুজন বাংলাদেশের অংশেই মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানিয়েছি।’
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ৪৬ বিজিবির (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এখন শুনলাম।’
