দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে কিডনি রোগ ও শারীরিক নানান জটিলতা নিয়ে চিকিৎসাধীন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের ক্রমেই উন্নতি হচ্ছে। তিনি বিছানায় উঠে বসতেও পারছেন।
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার বিষয়ে জানতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর সঙ্গে গতকাল দুপুর দেড়টার দিকে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘তার (ফরিদা পারভীন) অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তার রুটিন ডায়ালাইসিস চলছে। সপ্তাহে তার তিনটি ডায়ালাইসিস হয়। আগের চেয়ে তার জ্ঞানের মাত্রাটাও ইমপ্রুভ করেছে। তিনি শোয়া অবস্থা থেকে বসতে পারছেন।’
কবে ফরিদা পারভীন বাসায় যেতে পারবেন? জানতে চাইলে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এ বিষয়ে আমরা আরও চার-পাঁচদিন পর এ সিদ্ধান্ত নেব।’
তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানান চিকিৎসকরা। রক্তেও ধরা পড়ে সংক্রমণ। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিনদিন তাকে ডায়ালাইসিস করা হয়। এ সময় তার চেতনাও কাজ করছিল না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিল্পীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় মেডিকেল বোর্ড।
