ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিবারের সদস্যরা তার মায়ের সঙ্গে আলোচনার পর গতকাল শনিবার নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ওই শিশু তার পাশের বাড়ির ছাত্তার মিয়ার ঘরে যায়।
অভিযোগ রয়েছে, ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে কাছে ডেকে নেয় এবং এরপর আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে।
শিশুটির মা জানান, মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
