ফখরের ক্যাচ ফেলে সাইম আইয়ুবকে আউট করলেন তাসকিন, পাওয়ার প্লেতে পাকিস্তান ৪১/৪

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। লিটন দাস প্রথমেই স্পিনার শেখ মেহেদি হাসানকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন। চতুর্থ বলেই উইকেট এনে দিয়েছিলেন এই অফ স্পিনার। তাকে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন ডেঞ্জারম্যান ফখর জামান। কিন্তু সহজ ক্যাচটি নিতে পারেননি দলে ফেরা তাসকিন আহমেদ। 

অবশ্য নিজে পরের ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। তার বল মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন সাইম আইয়ুব। দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের স্কোর তখন ১৮। সাইম করেন ৬। 

পরের ওভারে শেখ মেহেদিও উইকেট নেন। তবে ফখর জামানের নয়। মোহাম্মদ হারিসের। ১ জুন লাহোরে ৪৬ বলে ১০৬ রান করে বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছিলেন মোহাম্মদ হারিস। সেই হারিসকে আজ ৪ রানেই ফেরালেন মেহেদি হাসান। ডিপ মিডউইকেটে ক্যাচ তুলেছেন হারিস, ভুল করেননি শামীম হোসেন। 

চতুর্থ বলেই ফখর জামানকে আউট করার সুযোগ নষ্ট করেন তাসিকন আহমেদ ক্যাচ ফেলে দিয়ে। ছবি: দেশ রূপান্তর

পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম পাঁচ বল সালমান আলি আগাকে রীতিমতো নাচিয়ে ছাড়লেন তানজিম হাসান সাকিব। অস্বস্তি কাটাতে অভিনব কিছু করার আশায় শেষ বলে নিজের উইকেট দিয়ে এলেন পাকিস্তান অধিনায়ক। ওভারের প্রথম বলে ব্যাটের বাইরের কানায় লেগে সৌভাগ্যবশত ২ রান পান সালমান আগা। পরের চার বলে ব্যাটেই লাগাতে পারেননি তিনি। শেষ বল স্কুপ করার চেষ্টায় তার গ্লাভসে লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।  ৩ রান করতে ৯ বল খেলেন পাকিস্তান অধিনায়ক। ৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। 

পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ৩ রানে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: দেশ রূপান্তর

পাওয়ার প্লের শেষের দুবল আগে মারকুটে ব্যাটার হাসান নাওয়াজকে আউট করেন মোস্তাফিজুর রহমান। ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪১/৪। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত