কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। পাশাপাশি আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছে আদালত।
গতকাল এ মামলায় আবদুর রহমান বদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল ২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তিনি টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি ছিলেন। আবদুর রহমান বদি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ২০ আগস্ট তিনি গ্রেপ্তার হন।
