রাজধানীতে ডাকাতির অভিযোগে সাবেক সেনা সদস্যসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:২১ এএম

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে ৭ নম্বর এভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, অভিযুক্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার (বিএ ৬২৮৭), অবসরপ্রাপ্ত কর্পোরাল মুকুল ও আরও তিনজন। তারা অবৈধ অস্ত্রের অভিযোগে অভিযানে এসেছে বলে দাবি করে ওই বাসায় প্রবেশ করেন। তবে মূল বাসিন্দাকে না পেয়ে তারা মালামাল লুটের চেষ্টা করছিল।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তথ্যদাতা হারুনুর রশিদ তাদের পিছু নেন এবং এনডিসি চেকপোস্টে গিয়ে গাড়ি থামাতে বাধ্য করেন। জনসাধারণের সহায়তায় ডাকাতদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে কর্পোরাল মুকুল জানান, হারুনের কাছ থেকে অবৈধ অস্ত্র থাকার তথ্য পেয়ে তারা অভিযানে যান। তদন্তে আরও জানা গেছে, ইফতেখার ‘জাস্টিস ফর কমরেডস’ সংগঠনের সদস্য এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হাসান নাসিরের ঘনিষ্ঠ। মুকুল সেনাবাহিনীর বিতাড়িত সদস্যদের গ্রুপ ‘সহযোদ্ধার’ সঙ্গে যুক্ত।

আটকের সময় তাদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালংকার, ল্যাপটপ, ঘড়ি, ইয়াবা, পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইফতেখারকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত