উড্ডয়নের ১২ মিনিটেই বিধ্বস্ত হয় বিমানটি

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সেক্ষেত্রে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশে ওড়ার কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। রাজধানীর উত্তরায় বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারাত্মক আহত অবস্থায় তৌকিরকে সিএমএইচে আনা হলে বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিকাল ৫টা পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এ ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত