শতবর্ষী তালগাছ কেটে শতাধিক ছানার মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম

কুমিল্লার মুরাদনগরের সোনাকান্দা গ্রামে মসজিদ সম্প্রসারণের নামে কাটা হয়েছে একটি শতবর্ষী তালগাছ। সেই গাছেই ছিল শতাধিক বাবুই পাখির
ঝুলন্ত বাসা। গাছ কাটার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে গিয়ে ধ্বংস হয়েছে বাসাগুলো। ডিম গুলো ভেঙে যায় এবং ছানাগুলোও মারা যায়। আর নীড়হারা হয়ে ছুটোছুটি করেছে অসংখ্য মা-বাবুই। মসজিদ সম্প্রসারণের অজুহাতে ওয়াকফ করা জায়গার গাছটি কাটেন স্থানীয় মাহমুদুর রহমান। এতে সহযোগিতা করেন মীর হোসেন ও জাকির হোসেন নামে আরও দুই ব্যক্তি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার সোনাকান্দা গ্রামের গাছটি কাটার পর ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী জানান, গাছটিতে অসংখ্য বাবুই পাখির ঝুলন্ত বাসা ছিল। গাছ কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো মাটিতে পড়ে ডিম ভেঙে যায় এবং ছানাগুলো মারা যায়। 

রবিবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সোনাকান্দা গ্রামের বাসিন্দা হাসান আহমদ। তিনি জানান, গাছটি বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয় ছিল। গাছ কাটার ফলে শুধু বাসা ধ্বংস হয়নি, প্রাণ গেছে অসংখ্য পাখির ছানারও। আমরা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুর রহমান বলেন, মসজিদের সম্প্রসারণ কাজের জন্য গাছটি কাটা প্রয়োজন ছিল, তাই কেটেছি।

কোম্পানীগঞ্জ সামাজিক বন বিভাগের কর্মকর্তা আবদুল মতিন বলেন, ওয়াকফ সম্পত্তির গাছ কাটতে হলে যথাযথ অনুমতির প্রয়োজন হয়। এছাড়া বাবুই পাখির বাসা, ডিম বা ছানা ধ্বংস করা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের লঙ্ঘন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, ওয়াকফ স্ট্রেট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বেআইনি। বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

স্থানীয়দের দাবি, শুধু অভিযোগ নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো সম্ভব হবে।

এদিকে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি এখনো আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত