ড. আসিফ নজরুল

জাতির জীবনে বড় ট্র্যাজেডি তদন্ত হবে

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:১৬ এএম

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে বিধ্বস্তের ঘটনায় তদন্ত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে এবং প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

গতকাল সোমবার বিকেলে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান ড. আসিফ নজরুলসহ অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা। এ সময় আইন ও বিচার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আজকে জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটেনি। গোটা সরকার, বাংলাদেশের মানুষ সবাই শোকাহত।’

তিনি বলেন, ‘আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে জানিয়েছেন, ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় তাহলে বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। যদি প্রয়োজন হয় এই শিক্ষার্থী যারা আছেন তাদের বিদেশে নিয়ে যাবেন। চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না।’

আইন উপদেষ্টা বলেন, ‘কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি, সেটার শোক পূরণ করার মতো নয়। আমরা আগামীকাল (আজ) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করেছি। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন। যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াব। তাদের চিকিৎসার জন্য আমরা সব ব্যবস্থা গ্রহণ করব।’

ড. আসিফ নজরুল বলেন, ‘এ বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল, অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এ ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার দরকার, তা আমরা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত