ট্রাম্পের হুমকি: নাম না পাল্টালে থেমে যেতে পারে ওয়াশিংটনের নতুন স্টেডিয়ামের কাজ

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

আমেরিকান ফুটবল দল ওয়াশিংটন কমান্ডার্স যদি পুরোনো নাম 'রেডস্কিনস' ফিরিয়ে না আনে, তবে দলটির জন্য ওয়াশিংটনে নতুন স্টেডিয়াম নির্মাণ থামিয়ে দেবেন—এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'ওয়াশিংটন হোয়াটেভারস (তাঁর দেওয়া বিদ্রূপাত্মক নাম) নাম পরিবর্তন করে আবার রেডস্কিনস নাম নিলে দলটির মূল্য ও জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে। স্টেডিয়ামের প্রকল্পটিও হবে আরও আকর্ষণীয়।'

চলতি বছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পুরোনো আরএফকে স্টেডিয়ামের স্থানে কমান্ডার্সদের জন্য একটি নতুন ৩ বিলিয়ন ইউরো মূল্যের ৬৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৬১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আরএফকে-ই ছিল ওয়াশিংটন দলের ঘরের মাঠ। তবে ট্রাম্পের হস্তক্ষেপে এই প্রকল্প এখন অনিশ্চয়তার মুখে।

২০২০ সালে ‘রেডস্কিনস’ নামটি বর্ণবাদী ও অপমানজনক বিবেচনায় পরিত্যক্ত হয়। এরপর এক বছর দলটি 'ওয়াশিংটন ফুটবল টিম' নামে খেলে এবং ২০২২ সালে নাম পরিবর্তন করে ‘ওয়াশিংটন কমান্ডার্স’ রাখে।

কিন্তু ট্রাম্পের দাবি, 'বিশাল সংখ্যক মানুষ রেডস্কিনস নাম ফেরত চায়, এবং এর ফলে দলটির ব্র্যান্ড ভ্যালু বাড়বে।'

এটাই প্রথম না—ট্রাম্প আরও একবার বিতর্কে জড়ালেন বর্ণবৈষম্য সংক্রান্ত মন্তব্য করে। মেজর লিগ বেসবলের দল ‘ক্লিভল্যান্ড গার্ডিয়ানস’-এর নাম পরিবর্তন সম্পর্কেও তিনি বলেন, “আমাদের মহান ভারতীয় জনগণ, বিশাল সংখ্যায়, চায় ক্লিভল্যান্ড ইন্ডিয়ানস নামটি ফিরে আসুক।”

গার্ডিয়ানস প্রেসিডেন্ট ক্রিস আন্তোনেত্তি অবশ্য ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব দেননি। তিনি বলেন, “এটা নিয়ে আমি চিন্তিত নই, এবং আমরা গার্ডিয়ানস ব্র্যান্ড নিয়ে এগিয়ে যেতে পেরে আশাবাদী।”

নেটিভ আমেরিকানদের জাতীয় সংগঠন ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, “এই ধরনের নাম ও প্রতীক ব্যবহার মূলত বর্ণবাদ, সাংস্কৃতিক চুরি এবং ইচ্ছাকৃত অজ্ঞতা থেকে উৎসারিত। এগুলো আদিবাসীদের প্রতি অপমানজনক ও ক্ষতিকর।”

ওয়াশিংটন কমান্ডার্স এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত