মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক চলছে সারা দেশে। এরই মধ্যে ৬ দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়ে কলেজ ক্যাম্পাস ও সবিচবালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো— বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।
এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক- নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।
তিনি আরও লিখেছেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে আমাদের হৃদয়ের সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।
