কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুজনই লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত শিশুদের একজন ফাতেমা ইয়াসমিন (৯) তৃতীয় শ্রেণির ছাত্রী এবং চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১০)। তারা উভয়েই চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামের বাসিন্দা।
লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালের দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।
দীর্ঘ সময়েও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামে নদীতে ডুবে বাবা জাহিদুল ইসলাম ( ৪৫) ও ছেলে জিহাদের (৯) মৃত্যু হয়েছে। বিকেল ৪টার দিকে মরা কালিগঙ্গা নদী থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল সরকারি চাকরির পাশাপাশি চাষাবাদ করেন। দুপুরে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন জাহিদুল। পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়।
বিষয়টি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক (৬৫) টের পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী প্রায় দেড়ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের মরদেহ উদ্ধার করে।
