জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, ‘আমাদের মধ্যে মত ও পথের ভিন্নতা থাকবেই। কিন্তু এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই।’
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিয়ে বলেন, ‘আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
তার পোস্টে ছাত্র, শ্রমিক ও জনগণের ঐক্যের কথাও তুলে ধরে বলেন, ‘ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক এবং সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।’
নিখোঁজদের খুঁজে বের করার জোর তাগিদ নায়েবে আমিরের : এদিকে গতকাল সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সে সময় তিনি ওই দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে তাদের সন্ধান দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আবেদন জানান। নায়েবে আমির বলেন, নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে জামায়াতে ইসলামী।
অতীতের বস্তাপচা ধারায় নির্বাচন চাই না : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আশা করি আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের মতো বস্তাপচা ধারায় নতুন কোনো নির্বাচন আমরা চাই না।’ গতকাল বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জামায়াতের জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচনে থাকবে না মাস্তানতন্ত্র ও কালো টাকার ব্যবহার। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে। তবে আমরা কোনো প্রি-ম্যাচিউরড ডেলিভারি চাই না।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যারা ক্ষমতায় ছিল তারা ধরাকে সরা জ্ঞান করেছে। তাই তাদের দলবল নিয়ে পালাতে হয়েছে। জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা কখনো দেশ থেকে পালাননি। আমারা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ অফুরন্ত নিয়ামত ও সম্ভাবনার দেশ। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার ৪২ ভাগের বেশির বয়স ৭০-এর ওপরে। অথচ আমাদের জনসংখ্যার বড় অংশের বয়স ৩৫ বছরের নিচে। এটি আমাদের একটা বড় নিয়ামত। আমাদের মাটির নিচে, সমুদ্রে প্রচুর সম্পদ। এত এত সম্পদ থাকা সত্ত্বেও গত ৫৪ বছরেও আমরা আমাদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। কারণ ক্ষমতায় যারা ছিলেন তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। সবাই দুদককে যতটা ভয় করে আল্লাহকে ততটা ভয় করলে কেউ দুর্নীতি করত না। জনগণের সম্পদও পাচার করত না।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর জামায়াত প্রতিহিংসা চরিতার্থ করেনি। আমরা সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা নিজেরা মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি পাহারা দিয়েছি। কোনো ক্ষতি হতে দিইনি।’
সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম ও পৌর শাখার আমির কাজী জমির হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম।
