তিউনিসিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ১৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় স্বেচ্ছায় প্রত্যাবাসনকামী ১৯ জন বাংলাদেশি নাগরিককে গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে ইকে-৫৮২ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা তিউনিসিয়ায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে তিউনিসিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকে তিউনিসিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। তারা সবাইকে এই ভয়াবহ পথে অবৈধভাবে তিউনিসিয়া না যাওয়ার জন্য সচেতনতা বাড়াতে তাদের অমানবিক অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ করেন।
এ সময় আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
তিউনিসিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
