অর্ধশত আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩০ এএম

প্রায় ৫০ জন আরোহী নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, অ্যান-২৪ মডেলের এ উড়োজাহাজটির আরোহীদের মধ্যে কেউ আর জীবিত নেই। স্থানীয় জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় যাচ্ছিল। টিন্ডা বিমানবন্দরের পরিচালক জানান, উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার সময় আগুন ধরে যায়। একটি এমআই-৮ হেলিকপ্টারের মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো জীবিত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। আমুর সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সেফটি সেন্টার জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ টিন্ডা থেকে ১৬ কিলোমিটার দূরে একটি পাহাড়ের কাছে পাওয়া গেছে।

বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্র্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উড়োজাহাজটি একটি বনের মধ্যে পড়ে আছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান,উড়োজাহাজটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, উড়োজাহাজের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত