সড়কে ঝরল ৬ প্রাণ

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩১ এএম

ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের করিমপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন বাসযাত্রী। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের করিমপুর এলাকার হোসেন ফিলিং স্টেশনের সামনে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে দুটি বাসের সামনের পুরো অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিক এন্টাপ্রাইজের চালকসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয় দুটি বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য পাঠায়। পরে উদ্ধারকাজে অংশ নেয় কোতোয়ালি থানার পুলিশের দুটি টিম। দুর্ঘটনায় নিহতেরা হলেন রিক এন্টারপ্রাইজ বাসের চালক গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বাটিকামারী গ্রামের আজিজুল হক (৬২), বাসযাত্রী ফরিদপুর সদরের টেপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্যা (৭৮) ও ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মিনতি রানী (৪৫)।

বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন হাসান (২৬), কামরুল (৩০), সাবু (৩৫), আক্তার (৫২), শফিকুল (৪৮), মিলন (৩০), তন্বি (৩৮), সুব্রত (৪০), রাজিব (২৮), মো. হাসান (৩০), ইয়াকুব (৫০), আমজাদ (৪২), কালাম (৫০), মিঠু (৩০), মিলন খন্দকার (৪০), মিনারা বেগম (২৫), কলিমউদ্দিন (৪৫), নারায়ণ চন্দ্র (৪৫) ও অজ্ঞাত সাতজন। দুর্ঘটনার পর ফরিদপুর পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান।

ফরিদপুর হাইওয়ে (মাদারীপুর অঞ্চল) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, লোকাল বাসটির অতিরিক্ত গতির কারণে এবং একটি পিকআপকে সাইড দিতে গিয়ে রয়েল পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের পরিবারের কাছে হস্তান্তর এবং এ ব্যাপারে পরবর্তী মামলাসহ আইনগত বিষয়টি খতিয়া দেখা হচ্ছে।

শিবচরে এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, সংঘর্ষে নিহত ২ আহত ৬ : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ড ভ্যানের পেছনে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ছয়জন।

গতকাল সকালে পদ্মা রেলস্টেশনসংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও একই এলাকার মামুন বিশ্বাশের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ ও তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আত্মীয়কে রিসিভ করার উদ্দেশে মাসুদ বিশ্বাস তার স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাস যোগে রওনা হন। পরে মাইক্রোবাসটি পদ্মা সেতুর কাছে সীমানা নামক স্থানে এলে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নামে দুজনের মৃত্যু হয়।

দুপুরে শিবচর হাইওয়ে থানায় লাশ নিতে আসা নিহতদের স্বজদের সঙ্গে কথা হলে তারা জানান, ভোরে ফিরোজা তার বাবাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য তার শ্বশুর ও বাড়ির লোকজন নিয়ে রওনা হন। দুর্ঘটনায় ফিরোজা ও তার শ্বশুর মারা গেছেন। আমাদের আল্লাহ কেন এভাবে কষ্ট দিলেন?

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাছ পরিবহনের খালি বক্স নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক জামাল মোল্যা মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত