সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতাকে ছুরি মেরে আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরি হামলায় আহত নেতা তৌফিক ওমর তানভীর (২২) বৈছাআ এর সিলেট মহানগর কমিটির অন্যতম সংগঠক।
হামলায় জড়িত অভিযোগে মারুফ আহমদ (১৮) নামের একজনকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আটক করেছে পুলিশ। আটক মারুফ নগরীর আখালিয়া নোয়াপাড়ার আনসার আলীর ছেলে।
হামলায় আহত বৈছাআ নেতা তৌফিক ওমর তানভীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন রয়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনি মদিনা মার্কেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। এসময় অতর্কিতভাবে ১০-১৫ জন সেই অটোরিকশাকে ঘিরে ধরে চালককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তারা তানভীরের পায়ে দুইটি ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়।
পরে চিৎকার শুনে আশপাশের লোকজন তানভীরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তানভীর আরও জানান, হামলায় জড়িতদের তিনি চিনতে পেরেছেন এবং তাদের পরিচয় পুলিশকে জানিয়েছেন। পুলিশ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, হামলায় জড়িত একজনকে রাতেই আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশ কাজ করছে।
