কুমিল্লায় ভিপি নুর

এনসিপির পৃষ্ঠপোষকতা করছে সরকার

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৪ এএম

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সদ্য গঠিত এনসিপির পৃষ্ঠপোষকতা করছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘নিরপেক্ষ আচরণে ব্যর্থ হলে নির্বাচনের আগে আরেকটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন হতে পারে। আমরা আশা করি, সরকার সব দলের প্রতি সমান আচরণ করবে।’

গতকাল শুক্রবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে ‘গণঅভ্যুত্থানের জনআকাক্সক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘কিছু জেলায় বৃক্ষমেলা বা স্কুলের ক্লাস বন্ধ করে সমাবেশে লোক আনা হচ্ছে। এটি নতুন বাংলাদেশের চিত্র নয়, বরং পুরনো আমলের ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরের রাজনীতি জনগণের আকাক্সক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এই রাজনীতি দেশকে সংঘাত-সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। এখন তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিয়ে শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’

নুর জানান, গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন, ‘গত ১৬ বছরে অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু সফল হননি। আমরা তরুণদের নিয়ে বিপ্লবের প্রস্তুতি নিয়েছি, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শাসন না আসে।’

কুমিল্লার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কুমিল্লা নেতৃত্ব তৈরির পুণ্যভূমি। কিন্তু মেঘনায় অবৈধ বালু উত্তোলনের কারণে মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে, আর প্রশাসন নির্লিপ্ত। অপরিকল্পিত নগরায়ণের কারণে কুমিল্লা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও যানজট দেখা দেয়। তরুণ রাজনীতিকদের মাধ্যমে কুমিল্লাকে সুপরিকল্পিতভাবে গড়ে তুলে আন্তর্জাতিক পরিচিতি দিতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুনসহ বিভিন্ন স্তরের নেতারা। সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলার সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত