বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৩ এএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছেন। ঘটনার একদিন পর গতকাল শনিবার সকালে এক বন্ধু ও বিকেলে আরেক বন্ধুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। উদ্ধারকারী ওই দল উদ্ধারের চেষ্টা করলেও এখনো তাদের অপর বন্ধু নিখোঁজ রয়েছে। তবে স্বজনদের আহাজারিতে ওই এলাকায় বইছে মাতম। নিহত শিক্ষার্থীরা হলেন ঢাকার সাভারের ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। এছাড়াও নিখোঁজ অপর শিক্ষার্থী হলেন কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছেন।

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাভারের ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গত শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেলে খালাতো ভাইসহ পাঁচ বন্ধু মিলে উপজেলার ঐতিহ্যবাহী মকস বিলে নিজেদের একটি ছোট নৌকা নিয়ে বেড়াতে বের হন। কিন্তু প্রচ- বাতাসে বিলের পানিতে ঢেউয়ের সৃষ্টি হলে নৌকাটি ডুবে যায়। এক পর্যায় সাকিব হোসেন ও আরাফাত হোসেন নামে দুই বন্ধু সাঁতার কাটতে থাকলে তাদের উদ্ধার করে এলাকাবাসী। কিন্তু অপর তিন বন্ধু পানিতে তলিয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নিহতদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অপরজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত