সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাব সদস্য মো. আবদুল মুকিত আর নেই। রবিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক মো. আবদুল মুকিত দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে সাংবাদিক আবদুল মুকিতের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি চাঁদপুরে নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে এক শোকবার্তায় মো. আবদুল মুকিত-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
