প্রাণিসম্পদ উপদেষ্টা বললেন

আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই।’

গতকাল রবিবার সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ : স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। তিনি বলেন, জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মধ্যে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদের শোককে আরও গভীর করেছে।

নারীদের ভূমিকার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থাকলেও আগস্টের পর থেকে নারীদের দৃশ্যমান উপস্থিতি অনেকখানিই হ্রাস পেয়েছে। এই বাস্তবতা নতুন করে ভাবতে বাধ্য করে। মনে রাখতে হবে, আন্দোলন এখনো শেষ হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. মো. আবুল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত