রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। এরপর নানা কারণে এর কার্যক্রম স্থগিত হয়ে যায়। দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক জানান, কমিশন একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সব ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। এরপর ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ৭ এবং ১০ থেকে ১২ আগস্ট ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত। প্রার্থীরা ২১ এবং ২৪ থেকে ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। দাখিলকৃত মনোনয়নপত্র ২৭ ও ২৮ আগস্ট বাছাই করে ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের জন্য ২ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে। সব প্রক্রিয়া শেষে ৪ সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। সর্বশেষ ধাপে, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই গণনা সম্পন্ন করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নত করবে, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করবে এবং শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।’
নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর ১৯৯০ সাল থেকে বিভিন্ন কারণে এর কার্যক্রম বন্ধ ছিল।
