বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:২০ এএম

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘ সদর দপ্তরে চলমান আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে গত সোমবার এই বৈঠক হয়। বৈঠকের পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে , ২০২৪ সালের অক্টোবরের পর দুই দেশের শীর্ষপর্যায়ের চতুর্থ বৈঠক এটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, তারা দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পর্যালোচনা করেছেন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া দুই দেশের মধ্যে সংযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়েও একমত হয়েছেন তারা। জানিয়েছেন অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনাও।

বৈঠকে গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েলি সামরিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুই নেতা ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি জানিয়ে চলমান সম্মেলন থেকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। দক্ষিণ এশিয়ার দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাস্তবমুখী ও অগ্রগতিমূলক সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ঢাকা সফর করেন। সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকারে এক ঐতিহাসিক চুক্তি হয়, যা ভবিষ্যতের বাণিজ্য ও রাষ্ট্রীয় যোগাযোগে গুরুত্বপূর্ণ ধাপ বলে বিবেচিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত