ক্লাস থেকে এনসিপির সমাবেশে নিয়ে যাওয়ায় ছাত্রদের বিক্ষোভ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

ক্লাস থেকে বের করে এনসিপির সমাবেশে নিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন টাঙাইলের বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।  

বুধবার দুপুরে বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, টাঙ্গাইলের বিগত ইতিহাসে বিন্দুবাসীনির ক্লাস বাদ দিয়ে কোন রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করার ঘটনা ঘটেনি। অথচ গতকাল (মঙ্গলবার) শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় যোগদানের জন্য ক্লাস থেকে বের করে নিয়ে আসে। এসময় শিক্ষকরা বাধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। গতকাল বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই ইস্যু নিয়ে। তাই আমরা দাবী জানাচ্ছি এনসিপিকে ক্ষমা চাইতে হবে স্যারদের কাছে।

এসময় বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত