ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে জমির দলিলের পে-অর্ডারের প্রায় ৯ লাখ টাকা প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সরাইলে নিহত মোস্তফা কামাল উপজেলার নন্দিপাড়া গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকানি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে নন্দিপাড়া সড়কের পাশে ওত পেতে থাকা চার-পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন, এ ঘটনা তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরে জমির দলিল করার জন্য পে-অর্ডারের প্রায় ৯ লাখ টাকা প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, দলিল দাতা-গ্রহীতা, ভেন্ডার সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, লতিফপুরে পাশাপাশি কালিয়াকৈর থানা, উপজেলা প্রশাসন, উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও কালিয়াকৈর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যালয়।
বুধবার দুপুরে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কয়েক সদস্যের (দলিল লেখক) কাছে ৮টি দলিল প্রস্তুত করেন জমির দাতা-গ্রহীতারা। এসব দলিলের জন্য মোট ৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা পে-অর্ডার করার কথা ছিল। সমিতির স্ট্যাম্প ভেন্ডার জুলহাস উদ্দিনের ছেলে প্রিন্স ও ভাগনে রাশেদ ওই টাকা নিয়ে পে-অর্ডার করতে অটোরিকশায় করে কালিয়াকৈর বাজার এলাকায় সোনালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে উপজেলা খাদ্য গুদামের সামনে পৌঁছালে পেছন থেকে এসে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এরপর দুই ছিনতাইকারী প্রাইভেটকার থেকে নেমে প্রিন্সের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে প্রাইভেটকারে করে চলে যায়।
কালিয়াকৈর দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি আজিজুল রহমান জানান, ছিনতাইয়ের ঘটনাটি কালিয়াকৈর থানায় জানানো হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ছিনতাইয়ের খবর পেয়ে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
