ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুরের হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে তাদের গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায়ের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ রিমান্ডের আবেদন করলে তা আজ বৃহস্পতিবার শুনানি হবে বলে আদেশ দেন বিচারক। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝপাড়ার আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার এস এম আতিকুর রহমান খান আতিক (২২) ও চওড়াপাড়ার সাদ্দাম হোসেন সেলিম (২২)।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. আল ইমরান জানান, হিন্দুপল্লীতে হামলার ঘটনায় অজ্ঞাত ১ হাজার থেকে ১ হাজার ২০০ আসামি উল্লেখ করে ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী মাহমুদ হাসান মৃধা বলেন, ধর্মীয় কটূক্তির অভিযোগে গত রবিবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন কঠোর অবস্থান নেয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, গঙ্গাচড়ার হিন্দুপল্লীর বাড়িঘর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামত করে দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে সেনা এবং পুলিশ সদস্যরা তদারকি করছেন বলে তিনি জানান।
