দিনাজপুরে চিকিৎসক নির্যাতন

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বিবৃতি

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

দিনাজপুরের হিলির হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩১ জুলাই চিকিৎসক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ডা. রফিকুল বলেন, চিকিৎসকরা মানব সেবায় নিয়োজিত সমাজের সম্মানিত একটি অংশ। তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। নিরাপদ কর্মস্থল নিশ্চিত না করা গেলে চিকিৎসকরা তাদের সর্বোচ্চটুক দিয়ে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে না এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে চিকিৎসকরা কর্মস্থলে আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার সুষ্ঠু তদন্দ ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয় না, ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকে।

গত ৩১ জুলাই দিনাজপুরের হিলির হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান ও প্রশিক্ষণরত স্বাস্থ্য সহায়ক ফয়সাল হোসেনের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, যদিও এই ন্যাক্কারজনক ঘটনার পরবর্তীতে স্থানীয়ভাবে দুষ্কৃতকারী উক্ত চিকিৎসকের কাছে ক্ষমা চেয়ে তার মোবাইল ফোনটি ফেরত দিয়েছেন তথাপি আইন নিজের হাতে তুলে নেয়ার এমন ঘটনায় শুধু ক্ষমা চাওয়ার ভিতরেই সীমাবদ্ধ থাকাটা সমীচীন নয়। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারলে চিকিৎসক নির্যাতনের ঘটনা নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হতে পারে যা অত্যন্ত উদ্বেগজনক।

সংশ্লিষ্টদের কাছে আহবান এই ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, একইসাথে অতীতে ঘটে যাওয়া সকল চিকিৎসক নির্যাতনের বিচার ত্বরান্বিত করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও রোগীবান্ধব করার ব্যবস্থা গ্রহণ করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত