জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, বাংলাদেশের বর্তমান শাসনকাঠামো ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক। এই কাঠামোয় জনগণ ক্ষমতার উৎস নয়, বরং শাসনের বিষয়। এটি রাজনৈতিক দল ও সরকারকে জনগণের প্রতি জবাবদিহি করতে বাধ্য করে না।
গতকাল শুক্রবার উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় তিনি এ কথা বলেন। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আ স ম রব বলেন, ‘ফ্যাসিবাদ কেবল রাজনৈতিক মতাদর্শ নয়, এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা। পুরনো শাসনব্যবস্থার বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে এটি পুনরুৎপাদিত হয়।’
আ স ম আব্দুর রবের ভাষ্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সমাজ শক্তির অংশগ্রহণ, স্বশাসিত স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক নিরাপত্তা এবং সেনাবাহিনী ও পুলিশের অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধের মাধ্যমে নতুন রাজনৈতিকব্যবস্থা প্রবর্তন করা গেলেই ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।
তিনি বলেন, ‘ক্ষমতার সংগঠন, প্রয়োগ ও বৈধতার প্রক্রিয়া পরিবর্তন না করলে ফ্যাসিবাদ প্রতিহত করা যাবে না। এটিকে কেবল রাজনৈতিক সংস্কার নয়, গণতান্ত্রিক রূপান্তর হিসেবে বিবেচনা করতে হবে।’
