বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংঘটিত হয়েছে জুলাই অভ্যুত্থান। আমরা বার বার লড়াই করে বিজয়ী হলেও সে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।
শনিবার এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি বলেন, দুনীর্তি—অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাই চেতনাকে সমুন্নত রাখবে। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোন বাধা আছে বলে আমি মনে করি না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। আমরা নির্বাচিত হলে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ লড়াইয়ে যারা ছিলেন, তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করা হবে। পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুক্তিযুদ্ধের পর জুলাই আমাদের এক যুগান্তকারী দলিল। জুলাই যোদ্ধারা ইতিহাসের মহানায়ক হিসেবে স্থান করে নিয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। বাংলাদেশের মানচিত্র থেকে জুলাই শহীদদের রক্তের দাগ কখনো মোছা যাবে না। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। আর এতে নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণরা। আমাদের বৈষম্য, অন্যায়-অনিয়ম ও দুনীর্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের আগমন ঘটতে না পারে। তাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জুলাই বিপ্লবের চেতনা বৃথা যেতে পারে।
তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের সন্দেহ হচ্ছে কাঙ্খিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোন টালবাহানা চলছে কি না? দ্রুত জাতীয় নির্বাচন না হলে দেশে যেভাবে চাঁদাবাজি, মব সন্ত্রাস, মাজার ভাঙ্গা, লালন সঙ্গীত বন্ধ করা, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলাসহ যে অস্থিরতা তৈরি হচ্ছে তা বাড়তে থাকবে। মানুষের মধ্যে অজানা আতঙ্ক ভর করবে। তাই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিয়ে যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের পথ সুগম করবে বলে আশা করেন তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে” শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক মো. লুৎফর রহমান, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক জাকির হোসেন লিটন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
