জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির। গতকাল শনিবার সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

তিনি জানান, সকাল ৭টায় জামায়াত আমিরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামী সাত দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অসুস্থ হয়েপড়লে তাৎক্ষণিক একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে ৩টি বেশি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশের মতো ব্লক।

এর আগে, ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিল। তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত  নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত