পুলিশি বাধার মুখে জাপার সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম

পুলিশি বাধার মুখে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল শনিবার বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত সমাবেশে আসা নেতাকর্মীদের দুপুর থেকে পুলিশ বাধা দিতে থাকে। পরে বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার রাতে জাপার প্রেস সেক্রেটারি (যুগ্ম মহাসচিব পদমর্যাদা) খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের এসব তথ্য জানানো হয়। জাপার গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি, পার্টির চেয়ারম্যানসহ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে এই সমাবেশ করে জাপা। সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জাপা মহাসচিব বলেন, ভেবেছিলাম মানুষ চাকরি পাবে, দেখছি বেকারের সংখ্যা বেড়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার জাতিকে ঐক্যবদ্ধ করবে। কিন্তু, আমরা দেখছি এই সরকার জাতিকে বিভক্ত করেছে। দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও নির্বাচনের সংগ্রাম।

বিভিন্ন স্থানে হামলার অভিযোগ তুলে এই নেতা বলেন, গতকাল (গত শুক্রবার) বগুড়ায় আমাদের অফিসে হামলা হয়েছে। এছাড়া যেসব স্থানে আমাদের অফিসে হামলা এবং নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে আমরা এর বিরুদ্ধে মামলা করেছিলাম। আমাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের অফিসগুলোতে যেভাবে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়, দেশে কোনো সরকার নেই। রাষ্ট্রে চিড় ধরেছে। আমরা এই রাষ্ট্র মেরামত করতে চাই।

এ সময় মহাসচিব বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমরা নতুন উদ্যমে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব। সব বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে। ২০১৪ সালে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ২৭০ জন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। আমাদের পার্টি চেয়ারম্যান কাদেরও ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলেন। এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যাতে দেশ ও গণতন্ত্র বাঁচতে পারে। জনগণের আকাক্সক্ষা পূরণের রাজনীতি করতে যদি জেলে যেতে হয় আমরা জেলে যাব। আমাদের আঘাত করলেও আমরা পিছপা হব না।

মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, জাতীয় পার্টি শান্তি ও স্বস্তি চায়, দেশ গড়তে চায়। আমাদের এই সমাবেশটি আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারত। বিভিন্ন বিভাগে অসহযোগিতার জন্য একটু এলোমেলো হলেও কর্মসূচি সফল হয়েছে। আমাদের অধিকার এবং মানবাধিকার আদায় করতে আইন অমান্য করতে হলেও আমরা পিছপা হব না।

বিগত সরকারের মতো এখনো আইন দিয়ে জিএম কাদেরের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন জাপা মহাসচিব। তিনি বলেন, দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। ভেবেছিলাম দেশে শান্তি আসবে, এখন দেখছি দেশ জুড়ে অশান্তি। এই সরকার আইনের শাসনের পরিবর্তে মব-এর শাসন প্রতিষ্ঠা করেছে।

সমাবেশে জাপার প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত