চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা পদ্মা নদী থেকে পুলিশ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। গতকাল শনিবার বিকেলে বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মোর্তুজার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫)। নিহতদের পারিবারিক সূত্র জানিয়েছে, তারা কদিন থেকে নিখোঁজ ছিলেন।
বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা সীমান্তের মাসুদপুর বিওপিতে খবর দেয় যে, পদ্মা নদীতে দুই যুবকের মরদেহ ভেসে রয়েছে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থল মনাকষার চৌধুরী স্মরণ এলাকায় গিয়ে সীমান্ত পিলার ৪/২ এস পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে দুজনের মরদেহ দেখতে পায়। পরে শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
এটি বিএসএফের হত্যাকা- কি না, এমন প্রশ্নের জবাবে বিজিবি অধিনায়ক বলেন, ‘মৃতদের পরিবার থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়ে, বিএসএফের ৭১ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ধরনের কোনো ঘটনা জানে না বলে জানিয়েছে।’
নিহত শফিকুলের চাচাতো ভাই মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সমির উদ্দীন জানান, শফিকুল ও সেলিম বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তারা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিল।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, বিজিবির খবরের পরিপ্রেক্ষিতে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
গোদাগারিড় নৌ-পুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একটির শরীরে ঝলসানোর চিহ্ন এবং একটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
