খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার বেলা সোয়া ১২টার দিকে স্বজন ও পুলিশ মুগদা হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ভোর ৪টায় নজরুলকে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, নিহত নজরুলের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। তার বাবার নাম মৃত রহিম মোল্লা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাসার পাশেই শিঙারা, পুরির দোকান রয়েছে তার।

হাসপাতালে নিহত নজরুলের মামা কামাল হোসেন জানান, ‘নজরুল ইয়াবা সেবন করতেন এবং বিক্রিও করতেন। খিলগাঁও থানায় নজরুলের নামে মাদক মামলা রয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় ঢুকে স্ত্রী সন্তানদের সামনে তাকে বেদম মারধর করে।

এ বিষয়ে হাসপাতালে উপস্থিত খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় নজরুল। আমরা এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। গতকাল বিকেলে এই ঘটনার সবশেষ তথ্য জানতে খিলগাঁও থানার ওসির সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন দিলে তিনি কেটে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত