রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে একনেকে ডিপিপি অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে।
গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের রবীন্দ্র ভাস্কর্য চত্বরে তারা এ মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করে।
শাহজাদপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা এতে অংশ নেন। এ সময় বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একই দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
