খালেদা জিয়া, তারেক রহমানকে সম্মাননা দেবে যুবদল

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠান। গণঅভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে এই অনুষ্ঠান থেকে দেওয়া হবে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান। এতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অবদান রাখায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতাকর্মীও রয়েছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হবে।

গতকাল রবিবার দুপুরের দিকে অনুষ্ঠানস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুবদলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম বলেন, ‘আগামীকালের (আজ) অনুষ্ঠানে কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শন হবে না। বরং জুলাই শহীদদের সম্মান জানাতেই এই আয়োজন। শহীদ পরিবারের পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানানো হবে।’

যুবদলের সভাপতি বলেন, ‘এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের ছয় নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা।’

জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি বিশেষ স্থানে ইতিমধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আবদুল মোনায়েম বলেন, ‘আগামীকালের (আজ) অনুষ্ঠান সামনে রেখে যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিশু-কিশোরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে কৃতিত্বের সনদ ও উপহারসামগ্রী দেবে যুবদল।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত