রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১২০০০ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলো মো. বাবু মিয়া (৩৬) ও মো. রাকিবুল হাসান (২৮)।
সোমবার দুপুর ০২টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল কতিপয় মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লি.-এর পূর্ব পাশে হামজা বডিবিল্ডারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
