জাতীয় কার্ড স্কিম ‘টাকা-পে’-এর নামে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয়ভাবে কার্ডভিত্তিক লেনদেনের নিয়ন্ত্রণ, ব্যয় সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার ব্যবহার হ্রাসের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক টাকা-পে নামে একটি জাতীয় কার্ড স্কিম চালু করেছে। ইতিমধ্যে ১৫টি তফসিলি ব্যাংক এ সেবার আওতায় গ্রাহকদের টাকা-পে ডেবিট কার্ড দিচ্ছে।
তবে সম্প্রতি লক্ষ করা গেছে, www.takapaycard.com নামের একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের সংবেদনশীল ও গোপনীয় তথ্য সংগ্রহের অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, টাকা-পে’র জন্য তাদের কোনো ওয়েবসাইট বা অ্যাপ বর্তমানে প্রচলিত নেই।
